ঢাকার টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে শিশু নিহত ও মা -বাবা দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০) ও তার চার মাসের শিশু রায়হান। জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
রোববার (৩ আগস্ট) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় শিশুসহ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকালে দিকে নিয়ে আসলে চার মাসের শিশু রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ও হাফিজাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, টঙ্গী মিরের বাজার এলাকা থেকে আমাদের এখানে শিশুসহ একই পরিবারের তিনজনকে নিয়ে আসলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রিপনের শরীর ৮০ শতাংশ ও তার স্ত্রী হাফিজার শরীর ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। শাসনালী দগ্ধ হয়েছে তাদের। দুজনকে ভর্তি করা হয়েছে।










