রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন, ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) ও ইরফান খান মিরাজ (২৫)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী ইব্রাহীম রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে, জুবায়ের পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মাজেদুর রহমানের ছেলে। রামজান রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার ইউসুফ আলী খানের ছেলে।
এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরো ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১০ জন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।










