জোয়ারের পানির চাপে বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ কালভার্ট-সংলগ্ন কেশবপুর এলাকার পাকা সড়ক ভেঙে গিয়েছে। গতকাল বিকালে ভৈরব নদের পানির চাপে কালভার্ট ও দুই পাশের প্রায় ২০ ফুট সড়ক ভেঙে যায়। সড়ক ভেঙে যাওয়ায় বাগেরহাট শহরের সঙ্গে মুনিগঞ্জঘাট, চরগ্রাম, কেশবপুর, সুলতানপুর, ভদ্রপাড়াসহ কয়েকটি এলাকার সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সড়কটি চলাচলের উপযোগী করতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে গতকাল বিকাল থেকে বালুর বস্তা ও মাটি ভরাট শুরু হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম বিপ্লব বলেন, স্থানীয় লোক দিয়ে আমরা সড়ক মেরামত শুরু করেছি। আশা করি সড়কটি চলাচলের উপযোগী হবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক মেরামতের কাজ শুরু করা হয়েছে।