এক বছর বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান সার্ভিস আজ শুরু হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আবারো ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। করোনা সংক্রমণ শুরু হলে গত বছরের ২১ মার্চ এ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ হয়ে যায়।

বিমান বাংলাদেশের বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুণ্ডু জানান, আজ (শুক্রবার) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইট বরিশালের উদ্দেশে যাত্রা করবে। বরিশাল থেকে ঢাকায় রওনা হবে সকাল ১০টায়। প্রতিদিন একই সময়ে একটি ফ্লাইট থাকবে এ রুটে।

২৮ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময়সূচি কার্যকর হওয়ায় বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয়দিন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ও বরিশাল থেকে সকাল ৯টা ৪০ মিনিটে যাত্রী পরিবহন করা হবে। যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে শুধু প্রত্যেক বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা সাড়ে ৩টায় ও বরিশাল থেকে বেলা ৪টা ৪০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।

উল্লেখ্য, কভিড-১৯ পরিস্থিতির কারণে গত বছরের ২১ মার্চ সারা দেশের মতো বরিশাল-ঢাকা রুটেও বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ওইদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সর্বশেষ বরিশালে এসেছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছর ১২ জুলাই থেকে নভোএয়ারের একক ফ্লাইট এবং ১৬ জুলাই থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের ডাবল ফ্লাইট চালু হলেও অজ্ঞাত কারণে বন্ধ থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ২৬ মার্চ থেকে আবার এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়।