বৃহস্পতিবার পুনে শহরে বিশ্বকাপ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার আশা বাংলাদেশ দলের। গত শুক্রবার চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উরুর মাংসপেশির চোটে পড়েন সাকিব। 

গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে জানান, সাকিব মাংসপেশিতে যে অস্বস্তি বোধ করছিলেন তা থেকে এখন সেরে ওঠার দিকে। যদিও আজ অনুশীলনে তার ওপর নিবিড়ভাবে নজর রাখা হবে বলে জানান সুজন। 

নিউজিল্যান্ড ম্যাচে রান নেয়ার সময় মাংসপেশিতে চোট পান সাকিব। যদিও এরপর কিছুক্ষণ তিনি ব্যাটিং করেন এবং পরে বোলিংয়ে নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করেন, যদিও এটা দৃশ্যমান ছিল তিনি পায়ের ব্যথা অনুভব করছেন। ওইদিনই ম্যাচ শেষে চেন্নাইয়ে তার পায়ে স্ক্যান করানো হয়। এরপর জানানো হয়, সাকিবের পায়ে কোনো ব্যথা নেই, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। 

সুজন বলেন, ‘সাকিব ক্রমে ভালো হয়ে উঠছে। ব্যথাও নেই। তবে আগামীকাল (আজ) নেটে সে কেমন করে, তার ওপরই সবকিছু নির্ভর করবে। সে রানিং বিটুইন দ্য উইকেটে দৌড়াবেও। আমরা আশাবাদী যে সে ভারতের বিপক্ষে খেলবে। সে সুইমিং সেশনে কাজ করেছে এবং আজ জিমেও ঘাম ঝরিয়েছে। আগামাকীল (আজ) আরেকটি স্ক্যান করানো হবে, যা থেকে আমরা পরিষ্কার চিত্র পাব।’

সুজন জানান, সাকিব খেলতে চায়, তবে এতটা সহজেই তাকে অন্তর্ভুক্ত করা হবে না। তার কথায়, ‘সচরাচর এমন ধরনের ইনজুরিতে অনেক ব্যথা হয়। এমনকি হাঁটাও কঠিন হয়। কিন্তু সাকিব যথেষ্ট ভালো আছে। এটাই আমাদের আশা দেখায়। সাকিব তো খেলতেই চায়। এখন যদি সে ৮৫-৯০ শতাংশ ফিটও থাকে, তবে আমরা তাকে পেতে আশাবাদী।’

বিশ্বকাপ মিশনে এখনো ছয় ম্যাচ বাকি রয়েছে। কাজেই এ সময় সাকিবকে নিয়ে ঝুঁকি নেয়ার পক্ষে নন সুজন। তার কথায়, ‘আমরা চাই না আরেকটি ম্যাচ খেলে সে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যাক। এখনো ছয়টি ম্যাচ বাকি রয়েছে। এখন চিকিৎসক ও ফিজিওরা যা বলেন সেটা মানতে হবে। আমরা তাকে দীর্ঘমেয়াদের জন্য ক্ষতির মুখে ফেলতে চাই না। ফিজিওর ছাড়পত্র পেলেই সে খেলবে।’

চেন্নাই থেকে পুনে শহরে পৌঁছার পর দুদিনের ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ অনুশীলনে ফিরবেন তারা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি জিতেছে বাংলাদেশ। ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা পরাজয়ের স্বাদ পায় সাকিবের দল।