বাগেরহাটের মোল্লাহাটে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে নির্যাতন মামলায় স্থানীয় ইউপি সদস্য কাওছার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী এলাকা থেকে কাওছারকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতিত প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য কাউছারসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেফতার কাউছার চৌধুরী মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, নির্যাতিত ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মঙ্গলবার সকালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতা পরিয়ে মারধর ও নির্যাতন করেন ইউপি সদস্য কাউছার চৌধুরী এবং স্থানীয় প্রভাবশালীরা। ঘটনার পর লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন ওই নারী। বুধবার নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।