সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। তিনদিন ধরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে আগামী ৩০ মার্চ এ মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে এ দিন নির্ধারণ করা হয়
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন জানান, হত্যাকাণ্ডের প্রায় ৭ বছর পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষিত হতে যাচ্ছে। ৩০ মার্চ চাঞ্চল্যকর এই মামলার কাঙ্ক্ষিত রায় ঘোষিত হবে। তিনি জানান, সোমবার দুপুরে এই আদালতে পলাতক তিন আসামি ফয়সল আহমদ, হারুন অর রশিদ ও আবুল হোসেনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। কারাবন্দি আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি আগেই সম্পন্ন হয়। আজ সোমবার পলাতক তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষে ৩০ মার্চ রায়ের তারিখ ধার্য করা হয়।
এমাদউল্লাহ শাহিন ছাড়াও এদিন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় অংশ নেন সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিশেষ পিপি মুমিনুর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। পলাতক আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাব্বির আহমদ ও ইমরান আহমদ ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার সামনে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামের বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।










