এসএমই উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভারের ওপর করমুক্তি এবং ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা দিতে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) প্রতিষ্ঠানের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে করা যাবে।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, আয়কর আইন ২০২৩ অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ৫০ লাখ টাকা পর্যন্ত এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তারা ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয়ের ওপর করমুক্ত সুবিধা পাবেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসএমই উদ্যোক্তারা বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক ব্যবসায়িক খরচের জন্য ব্যাংক ট্রান্সফার অথবা বিশেষ এসএমই কার্ডের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। তবে এ সুবিধা পেতে তাদের এসএমই ফাউন্ডেশনের অধীনে নিবন্ধিত হতে হবে।
ভবিষ্যতে সরকারের অন্যান্য কর সুবিধা ও নীতি সহায়তা পেতেও এ নিবন্ধন সনদের প্রয়োজন হবে। পাশাপাশি নিবন্ধন সনদ ছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজিত জাতীয় ও আঞ্চলিক এসএমই পণ্য মেলা, সহজ শর্তে ঋণ ও প্রস্তুতিতে সহায়তা, ব্যবসায় ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার, আন্তর্জাতিক মেলা, পণ্য রপ্তানিতে প্রশিক্ষণ ও সহায়তা এবং বায়ার-সেলার ম্যাচমেকিং কার্যক্রমে অংশ নেয়া যাবে না।
গতকাল সন্ধ্যায় এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এমএসএমই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য সামিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস সালাম সরদার।
অনুষ্ঠানে জানানো হয়, এমএসএমই নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। এজন্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া লিংকে লগইন অথবা কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের শুরুতে নিজের মোবাইল নম্বর দিতে হবে। এর পর জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যবসার তথ্য, প্রতিষ্ঠানের ঠিকানা, পণ্য বা সেবা, কর্মী সংখ্যা ও বার্ষিক টার্নওভারসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সব তথ্য দেয়ার পর ১ হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধ করে আবেদন সাবমিট করতে হবে। তথ্য যাচাই-বাছাই শেষে অনলাইনেই নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে।
নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনে ০১৭৯৯৯৫৮২৯৪, ০১৫২১৪৭২৩৬৪, ০১৭৪১০২৭২৫৩ ও ০১৪০৭২৭৭৫২৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করা যাবে। ঠিকানা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয়, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), প্লট ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭। ফোন: +৮৮০ ২ ৪১০২৪১০৮-১০।
নিবন্ধনের জন্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজ অথবা নির্ধারিত অনলাইন লিংক ব্যবহার করা যাবে।










