বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার চার হোমিওপ্যাথিক ব্যবসায়ীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শুক্রবার বিকালে বগুড়ার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মো. ওমর ফারুক দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিরা দুইদিনের রিমান্ডে ছিলেন।
গতকাল দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আসামিদের নিয়ে অভিযান ও জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য পাওয়া যেতে পারে। সে তথ্য পেতেই আবারো তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। গ্রেফতারকৃত চারজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছেন। এর আগে তাদের প্রত্যেকের দুইদিন করে রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যমতে, জেলা শহরের নাটাইপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ লিটার রেক্টিফায়েড স্পিরিটসহ বিপুল পরিমাণ হোমিওপ্যাথি ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করে বগুড়া সদর থানা পুলিশ। তাদের নিয়ে আরো অভিযান চলবে।
উল্লেখ্য, বগুড়ায় গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু হয়।










