পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া বিমানের ফ্লাইট ২৫ ঘণ্টা পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল সকাল ১১টা ২৪ মিনিটে সিলেটের ওসমানী বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। রোববার সকাল ১০টায় এ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর ছাড়ার কথা ছিল। পাখির সঙ্গে ধাক্কায় বিমানের বিজি-২০১ এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ফ্লাইটটি বাতিল করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, সোমবার ১১টা ২৪ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে গেছে। রোববার রাতেই বিমানের বিকল্প এয়ারক্রাফট সিলেটে এসেছিল। কিন্তু তখন হিথ্রো বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জায়গা খালি পাওয়া যায়নি। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়। ইঞ্জিন বিকল হওয়া এয়ারক্রাফটটি মেরামত করে গতকাল সকালে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। সকাল থেকে ২৬৫ যাত্রী বিমানবন্দরে আসেন। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে থাকে এয়ারক্রাফটটি। রাত ৮টার দিকে ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

অন্যদিকে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের দাবি, বিমানবন্দরের রানওয়েতে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিমানটি অবতরণের আগে কোথাও পাখির সঙ্গে ধাক্কা লাগতে পারে।