নাটোরে মোটরসাইকেলের একটি শোরুমে অভিযান চালিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিপুল পরিমাণ নথি, বিভিন্ন কর্মকর্তার সিল ও কম্পিউটার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের বড়হরিশপুর এলাকার আর.আর এন্টারপ্রাইজের শোরুম থেকে এসব নথি ও সিল জব্দ করা হয়। এ সময় আটক করা হয়েছে দুজনকে।
আটককৃতরা হলেন সিংড়া উপজেলার গোবিন্দনগর এলাকার আবুল কালামের ছেলে শোরুমের কর্মচারী হাফিজ হোসেন ও নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই শোরুমে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, শোরুমের ভেতর থেকে তালা দিয়ে কাজ চলছে। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে শোরুমের কর্মচারী দরজা খুলে দেয়। এ সময় ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিআরটিএর কাগজপত্র, কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তার সিল জব্দ করা হয়। আটক করা হয় শোরুমের কর্মচারী হাফিজ হোসেন ও হাবিবুর রহমানকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, দীর্ঘদিন ধরেই আর.আর এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিজান বিআরটিএর লোকজনের সঙ্গে যোগসাজশে লাইসেন্সের যাবতীয় কাজ করে আসছেন। মিজানকে আটক করতে পুলিশ অভিযান শুরু করে করেছে।










