সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মো. ইস্রাফিল নামের এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে ইস্রাফিলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও একটি হরিণের মাথা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। আটক ইস্রাফিল ওই গ্রামের বাবু মোল্লার ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস ও আটক আসামিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।










