ইন্টারনেট ও ডিশ লাইনের তার সরিয়ে নগরীর সৌন্দর্য ফেরাতে পাইলট প্রকল্প শুরু করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল টাইগারপাসের চসিক কার্যালয়ে ডিশ ও ইন্টারনেট সংযোগদানকারী ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনসহ প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। 

প্রাথমিকভাবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে লালখান বাজার, বাগমণিরাম ও জামালখান ওয়ার্ডে এ প্রকল্প চালু করা হবে। সভায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পরিচালন ও রক্ষণাবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।

মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে ডিশ ও ইন্টারনেট কেবল সঞ্চালনের বিষয়ে আমরা একমত। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে লালখান বাজার, বাগমণিরাম ও জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য ওয়ার্ডে কার্যক্রম প্রসারিত করব।’