বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় এ ঘটনা ঘটে।
স্ত্রীর মৃত্যুর পর পলাতক রয়েছেন আরিফার স্বামী মোহাম্মদ হেলাল সরদার (২৫)। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে মৃতার স্বামী হেলাল পলাতক রয়েছেন। হত্যার কারণ নির্ণয় ও হেলালকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।










