মেট্রোরেলের আরো ৮টি বগি ও ৪টি ইঞ্জিন দেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকালে মোংলা বন্দরে এসে পৌঁছায় মেট্রোরেলের অষ্টম চালানটি। এসব বগি ও ইঞ্জিন নিয়ে বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে বাণিজ্যিক জাহাজ হরিজন-৯।
মোংলা বন্দর ও স্থানীয় শিপিং কর্তৃপক্ষ জানায়, আজ দুপুরের পর থেকে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনসহ অন্যান্য মেশিনারিজ বন্দর জেটিতে খালাস করা শুরু হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে জাহাজটির দুইটি হ্যাচে থাকা সকল মালামাল খালাস করে বন্দর ছেড়ে যাবে বিদেশী বাণিজ্যিক এ জাহাজটি। ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে হরিজন-৯। এতে মেট্রোরেলের ৮টি কোচ, ৪টি ইঞ্জিন ছাড়াও আরো ৩৬টি প্যাকেজের ৪৮৮ টন মেশিনারিজ রয়েছে।
এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানী ও এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্টের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজকের চালানসহ এ পর্যন্ত ৮টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৫০টি বগি ও ২০টি ইঞ্জিন মোংলা বন্দরে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরো একটি চালান আসার কথা রয়েছে। সব মিলে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরো ৭২টি বগি ও ইঞ্জিন আসবে।
পণ্য খালাসের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপার ভাইজার মো. রুহুল আমিন জানান, মেট্রোরেল প্রকল্পের বগি ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল মোংলা বন্দর দিয়ে আগের সব পণ্য খালাস হয়েছে। মেট্রোরেলের মালামাল খালাস করতে কোনো সমস্যা হচ্ছেনা। যত দ্রুত সম্ভব এসব পণ্য খালাস করে জাহাজটি বন্দর ত্যাগ করবে বলে জানান তিনি।
২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল
নির্মিত হচ্ছে, যা ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এটি।










