স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। আজ বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছিল। আজ বিকেলে তার হৃদযন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার শুরু হয়। এর মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে।










