নোয়াখালীর হাতিয়ায় বাস্তবায়ন করা হচ্ছে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি প্রকল্প। এর মাধ্যমে নিঝুম দ্বীপসহ উপজেলা হাতিয়াকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উৎপাদনের জন্য চুক্তি করা হয়েছে দেশ এনার্জি লিমিটেড কোম্পানির সঙ্গে। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ১৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট তৈরি করবে হাতিয়ায়। এতে ১৫ বছরের জন্য চুক্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি ইউনিট ১২ দশমিক ১০ সেন্টে কিনে নেবে সরকার। নিঝুম দ্বীপ হাতিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ায় মোক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপ খাল পর্যন্ত দেড় কিলোমিটার ১১ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে।

দেশ এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বণিক বার্তাকে বলেন, হাতিয়াতে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। এর আগে হাতিয়ার অল্প কিছু মানুষ বিদ্যুৎ পেত। এ কেন্দ্রটি চালু হলে পাঁচ লাখ মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হবে।  

স্বাধীনতার আগে পাকিস্তান সরকার হাতিয়ায় পাঁচটি ডিজেল ইঞ্জিন দিয়ে শুরু করে হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অনেক পুরনো এ ইঞ্জিনগুলো এখন অনেকটাই বিকল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি নতুন ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি কিছুটা সচল রাখে। বর্তমানে এ কেন্দ্র থেকে ১ হাজার ২০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এতে শুধু পৌর এলাকার কিছু সংখ্যক মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। অন্যদিকে নিঝুম দ্বীপসহ হাতিয়ার ১১টি ইউনিয়নের মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।