বগুড়ায় করোনা আক্রান্ত প্যাথলজিস্টের ভুয়া সিল ও স্বাক্ষর দিয়ে রোগীদের টেস্ট রির্পোট সরবরাহ করার অপরাধে ডক্টরস ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বেলা ১২টায় বগুড়া শহরের ঠনঠনিয়ায় অবস্থিত ডক্টরস ক্লিনিকের ২নং ইউনিটে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এবং রোমানা রিয়াজ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, ডক্টরস ক্লিনিকে দুইজন প্যাথলজিস্ট ছিলেন। তাদের মধ্যে একজন গত ১ আগস্ট চাকরি ছেড়েছেন। অপরজন ডা. একেএম রওনক হোসেন চৌধুরী একাই কাজ করে আসছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় গত ১৬ আগস্ট থেকে হোম আইসোলেশনে আছেন। তিনি অনুপস্থিত থাকলেও প্যাথলজি বিভাগের সকল রিপোর্টে তার নাম এবং স্বাক্ষর ব্যবহার করা হচ্ছিল। যা রোগীদের সঙ্গে প্রতারণা। এই অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই অভিযান পরিচালনাকালে বগুড়ার সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।










