রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) যাত্রা শুরু হয়েছিল বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে অধ্যাপক রেহমান সোবহান সিপিডির সূচনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সিপিডি শুরু করেছিলাম দুটি প্রধান লক্ষ্য সামনে রেখে। প্রথমত, রাষ্ট্র ও নীতিনির্ধারকদের মধ্যে যে ফারাক তা দূর করা। দ্বিতীয়ত, পলিসি গ্রহণের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।’

তিনি আরো বলেন, ‘আমি যখন বিআইডিএসের দায়িত্বে ছিলাম, তখন বিভিন্ন খাতের স্টেকহোল্ডারদের নিয়ে সংলাপ শুরু করি। সেখানে নীতিনির্ধারণ নিয়ে বিভিন্ন পক্ষের মতামত পাওয়া গেলেও রাজনীতিবিদদের কোনো অংশগ্রহণ থাকত না। সেই সময়ে এরশাদের শাসনামলে সংসদও কার্যকর ছিল না।’"

তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সংশ্লিষ্ট খাতের স্টেকহোল্ডার ও রাজনীতিবিদদের মধ্যে ডিবেট হবে, মতপার্থক্য থাকবে এবং সমাধানের পথ বের হবে।’

দ্বিতীয় লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, নীতি গ্রহণের ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছিলাম। সুশীল সমাজ, একাডেমিক পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমিক, মালিক ও এনজিওদের একই টেবিলে এনে আলোচনা করার পরিবেশ তৈরি করাই ছিল আমাদের উদ্দেশ্য।

তিনি বলেন, সিপিডির লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব কমবে।

সিপিডি এখন দেশের নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং এর কার্যক্রমে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।