অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশের অপচেষ্টা চালাচ্ছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে বিজিবি ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশি বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে জানানো হয়েছে, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করতে বিজিবির টোল-ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগ করা যাবে।










