খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও নানা দাবি তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং এ দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে।’ এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
মন্ত্রী আফরোজা খানম সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের নবগ্রাম কালীবাড়ী পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রীশ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সর্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সর্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সর্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রীশ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সর্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ী মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।










