রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

গ্রেফতাররা হলেন কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), সাগর (৩২), শামীম (২৯), ইয়াসিন আরাফাত (২৫), নূর আল হোসেন (৩২), দুলাল (৪৫), জাহিদ হোসেন (২৯), লিটন (১৮), রাজিন (১৯), ওমর ফারুক (২৯), কাউসার ইসলাম (১৯) ও একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধা আনুমানিক ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে এ বিশেষ অভিযান পরিচালিনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা জানায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরবর্তীতে সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।