বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় ফার্নেস তেলবাহী এমটি মনোয়ারা নামের একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল সকালে একটি ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তেলবাহী জাহাজটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে জাহাজটির তেলের ট্যাংকারগুলো এখনো সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত জাহাজটিতে এক হাজার ৫০০ টন ফার্নেস অয়েল রয়েছে। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি তেল নিয়ে খুলনার দৌলতপুর যমুনা তেল ডিপোতে যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে জাহাজটি খুলনার দৌলতপুরের উদ্দেশে রওনা হয়।

জাহাজের মালিক আবুল কালাম বলেন, ক্যাপ্টেন ফিরোজের সহযোগিতায় আমরা জাহাজটিকে খুলনার উদ্দেশে পাঠাই। ঘটনাস্থলে ডুবে যাওয়া জাহাজের মার্কিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ডুবে থাকা জাহাজের ধাক্কায় আমাদের পানি সংরক্ষণের ট্যাংকার ছিদ্র হয়েছে। তবে তেলের ট্যাংকারের কোনো ক্ষতি হয়নি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, ডুবে যাওয়া জাহাজের ধাক্কায় তেলবাহী জাহাজের একটি অংশ ফেটে গেছে। ফেটে যাওয়া অংশটিতে পানি ছিল। ওই জাহাজের তেলের ট্যাংকারগুলো স্বাভাবিক রয়েছে।