রাঙ্গামাটি শহরে কাপ্তাই লেকে গোসল করতে নেমে বন সংরক্ষকের পুত্রসহ দুই কিশোর প্রাণ হারিয়েছে। আজ বুধবার দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোর হল, রাঙ্গামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে আদনান নূর (১৫) ও তার বন্ধু অংকন (১৪)।

স্থানীয়রা জানিয়েছেন, বেলা ১২টার দিকে শহরের কেরানি পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই লেকে গোসল করতে নামে আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরিরা এসে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

উদ্ধারে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য নিপন চাকমা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে দুজন ডুবুরির মাধ্যমে তল্লশি শুরু করার পর দুজনের দেহ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিই।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।