নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে ১০ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ সোমবার সচিবালয়ের মন্ত্রীর দপ্তরে সংগঠনটির সভাপতি স্বাক্ষরিত লিখিত সুপারিশপত্র হস্তান্তর করা হয়।

সুপারিশপত্রে নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, গত এক যুগ ধরে মুঠোফোন গ্রাহক ও ডিজিটাল সেবা–গ্রহীতাদের স্বার্থরক্ষায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন নেতৃত্বের সঙ্গে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে ন্যায্যতা, স্বচ্ছতা এবং উন্নত সেবার নিশ্চয়তাপূর্ণ নীতিমালা প্রণয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংগঠনটি জানায়, গবেষণা, জনসচেতনতা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ভোক্তাদের সমস্যাগুলো তুলে ধরছে। বর্তমান বাজার অবস্থা ও দ্রুতগতির প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে নিম্নোক্ত অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানায়—

১. সেবার মান নিশ্চিতকরণ: নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রক তদারকি ও জবাবদিহিতা জোরদার করা।

২. ভোক্তা মূল্য হ্রাস: ন্যায্য মূল্যনীতি ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে প্রয়োজনীয় সেবা সকল শ্রেণির মানুষের নাগালের মধ্যে রাখা।

৩. সেবা সম্প্রসারণ: বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় অবকাঠামো ও সেবা সম্প্রসারণে উৎসাহ প্রদান, যাতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়।

৪. ডাটা নিরাপত্তা ও গোপনীয়তা: ভোক্তার তথ্য অপব্যবহার, ফাঁস বা অননুমোদিত প্রবেশ থেকে সুরক্ষার জন্য শক্তিশালী ব্যবস্থা প্রণয়ন।

৫. এনইআইআর-এর জন্য এনআইডি সংযুক্তি পুনর্বিবেচনা: ডিভাইস নিবন্ধন ব্যবস্থায় বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র সংযুক্তির শর্ত পুনর্বিবেচনা করে ভোক্তার সুবিধা, গোপনীয়তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

৬. গ্রামীণ ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে বিশেষ ভর্তুকি ও অবকাঠামো সহায়তা।

৭. তরঙ্গের মূল্য সহনীয় পর্যায়ে এনে সকল অপারেটরের মধ্যে ন্যায় সঙ্গত বন্টন করা। তরঙ্গ মূল্যের কারণে ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সেবার দাম বাড়ছে।

৮. দেশব্যাপী ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ ও দ্রুত ৫জি সেবা চালুর রোডম্যাপ।

৯. মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তা জোরদার।

১০. টেলিযোগাযোগ খাত থেকে মধ্যস্তর বিলুপ্তি ও টেলিযোগাযোগ খাতের গত ১৫ বছরের দুর্নীতির তদন্ত ও ব্যবস্থা গ্রহণ।

সংগঠনটি বলেছে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ভোক্তাদের আস্থা বাড়বে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং টেলিযোগাযোগ খাতে একটি ন্যায্য বাজারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

সুপারিশ পেশ শেষে সংগঠনের প্রতিনিধি দল জানায়, প্রয়োজনে অতিরিক্ত তথ্য ও সহযোগিতা প্রদানে তারা সদা প্রস্তুত। বার্তা প্রেরণ করেন সংগঠনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর নকিব খান।