বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনার পর থেকে তিন জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে আটটি বড় ফিশিং ট্রলার এবং বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিশিং ট্রলার ডুবে যায়।

বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেন। আজ শনিবার সকাল থেকে নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ। দুবলার চরে প্রায় একশটি ট্রলার দিয়েও উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, সাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারই দুবলার চরের। দুর্ঘটনার পর অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জন জেলে ফিরে আসতে পারলেও মো. শাহিনুর রহমান (৩২), মো. মফিজুল (২৮) ও মিজানুর রহমান (৩০) নামে তিনজন নিখোঁজ আছেন। তারা রামপালের গিলাতলা, ইসলামাবাদ ও সাতক্ষীরার বাসিন্দা।

এদিকে গত রাতে ঝড়বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।