আশুলিয়া থেকে পালিয়ে যাওয়ার ১০ মাস পর বগুড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই শীর্ষ নেতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাত দেড়টায় শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় ডিবি।

ডিবি পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা ড্রোন তৈরির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।

গ্রেফতারকৃতরা হলেন নব্য জেএমবির আইটি শাখার সদস্য তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), মিডিয়া শাখার প্রধান জাকারিয়া জামিল (৩১), আতিকুর রহমান (২৮) এবং আবু সাঈদ (৩২)। এর মধ্যে তানভীর আহম্মেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গতকাল দুপুরে বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সক্রিয় কর্মী। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি ওয়ান শুটারগান, একটি চাপাতি, তিনটি চাকু, এক কেজি বিস্ফোরক তৈরির পাউডার এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সহযোগিতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ডিআইজি আব্দুল বাতেন বলেন, জানুয়ারিতে আশুলিয়ায় তানভীরের বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গিবিষয়ক বই ও ড্রোন তৈরির সরঞ্জামসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। সে ঘটনায় দায়ের করা মামলায় তানভীর পলাতক আসামি। তিনি ড্রোন তৈরির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে স্বীকার করেছেন।