রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিপন্ন গাঙ্গেয় ডলফিন। এটি স্থানীয়ভাবে শুশুক নামে পরিচিত। আইন অনুযায়ী নিষিদ্ধ থাকলেও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে এটি। গতকাল সকাল ৭টার দিকে একটি মৎস্য আড়তে শুশুকটি ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।
গাউসিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী রওশন মোল্লা বলেন, ‘শরিফুল নামের এক জেলে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জালে শুশুকটি পান। এর ওজন ১৫-১৬ কেজি। নদীতে “বাচা” মাছ শিকার করেন, এমন কয়েকজনের কাছে শুশুকটি বিক্রি করা হয়েছে। শুশুক দিয়ে ব্যথানাশক তেল তৈরি করা হয়।’
শুশুক বা বাগাড় শিকার, হত্যা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।










