রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তার জন্য আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট অংশ নেয়। তাদের প্রচেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।