সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারো ৩৪টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। গতকাল সকালে বন্যপ্রাণী কেন্দ্রে কচ্ছপ লালন-পালন কেন্দ্রের পুকুর পাড়ে একটি কচ্ছপ ৩৪টি ডিম দিয়েছে। ডিমগুলো ইনকিউবেশনে (বালির মধ্যে) রাখা হয়েছে। ৬০-৬৫ দিন শেষে এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে বলে জানিয়েছেন সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

আজাদ কবির বলেন, বিলুপ্তপ্রায় প্রজাতির এ কচ্ছপ আমরা খুব গুরুত্বের সঙ্গে লালন-পালন করে আসছি। বংশ বৃদ্ধির জন্য আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। এর আগে আমাদের এখানে কচ্ছপ ডিম দিয়েছে। সে ডিম থেকে বাচ্চাও ফুটেছে। গতকাল সকালে একটি কচ্ছপ ৩৪টি ডিম দিয়েছে। সে ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেশনে রাখা হয়েছে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। বর্তমানে আমাদের এ প্রজনন কেন্দ্রে ৪৩৬টি কচ্ছপ রয়েছে। ২০১৭ সালে দুটি কচ্ছপের ৬৩ ডিম থেকে ৫৭টি বাচ্চা হয়।