ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে গতকাল হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দাঁড়াতেই দিল না দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ে জস বাটলারের দলকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের তিনটি জিতে টেবিলের তিনে উঠে গেছে, আর তিন হারে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়ল ইংলিশদের। এদিন লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকা, যা চলতি আসরে সিংহলিজদের প্রথম জয়। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টর্নেডো বইয়ে দেন প্রোটিয়া ব্যাটাররা। হাইনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৭ উইকেটে ৩৯৯ রানের সৌধ গড়ে প্রোটিয়ারা। ইংলিশরা ৪০০ রান করার কঠিন চ্যালেঞ্জের মুখে শোচনীয়ভাবে পরাজিত হলো। বর্তমান চ্যাম্পিয়নরা ২২ ওভারে ১৭০ রানে ৯ উইকেট হারায়। ১১ নম্বর ব্যাটার রিস টপলি ইনজুরিতে পড়ে ‘রিটায়ার্ড অ্যাবসেন্ট’ থাকেন। ফলে ২২৯ রানের বিশাল জয় তুলে নেয় প্রোটিয়ারা।

রানপাহাড়ে চাপা পড়া ইংলিশরা প্রোটিয়া পেস তোপের মুখে দ্রুত উইকেট হারাতে থাকে। ১০০ রানে ৮ উইকেট পতনের পর বোলার মার্ক উড (১৭ বলে ৪৩*) ও গাস অ্যাটকিনসন (২১ বলে ৩৫) নবম উইকেটে ৩২ বলে ৭০ রান তুলে হারের ব্যবধান কমিয়েছেন। তার পরও নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাটলারের দল। 

অসুস্থ তেম্বা বাভুমার জায়গায় এ ম্যাচে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় দলে আসা রিজা হেনড্রিকস ৯ চার ও ৩ ছক্কায় ৭৫ বলে ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। কুইন্টন ডি কক দলীয় ৪ রানে রিস টপলির শিকার হওয়ার পর দ্বিতীয় উইকেটে ফন ডার ডুসেনকে নিয়ে ১১৬ বলে ১২১ রান তোলেন হেনড্রিকস। ডুসেন ৬০ রান করে আউট হওয়ার পর মার্করামকে নিয়ে বোর্ডে ৩৪ বলে ৩৯ রান তুলে সাজঘরের পথ ধরেন হেনড্রিকস। 

৪৪ বলে ৪২ রান করা মার্করাম চতুর্থ উইকেট জুটিতে ক্লাসেনকে নিয়ে তোলেন ৫৮ বলে ৬৯। মার্করামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন টপলি। ডেভিড মিলার এদিন মাত্র ৫ রান করে আউট হয়ে যান। এরপর মাত্র ৭৭ বলে ১৫১ রানের দানবীয় এক জুটিতে প্রোটিয়াদের সংগ্রহটা চারশর কাছাকাছি নিয়ে যান ক্লাসেন ও মার্কো ইয়ানসেন। এ পথে মাত্র ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্লাসেন। চলতি বিশ্বকাপে মোট ১৬টি সেঞ্চুরি হলো, যার ৫টিই প্রোটিয়াদের। 

৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করে গাস অ্যাটকিনসনের শিকার হন ক্লাসেন। ইয়ানসেন ৪২ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। এই দুজনের ব্যাটিং বিস্ফোরণে শেষ ৫ ওভারে ৮৪ ও শেষ ১০ ওভারে ১৪৩ রান তুলেছে প্রোটিয়ারা। 

চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে প্রোটিয়াদের করা ৪২৮ রানই এখনো ত্রয়োদশ আসরের সর্বোচ্চ সংগ্রহ।

গতকালের জয়ে ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান সংহত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে দল হারবে, ২৪ অক্টোবর সেই দলকে টপকে দুইয়ে ওঠার সুযোগ থাকবে প্রোটিয়াদের। মঙ্গলবার মুম্বাইয়ে এই বিগ হিটারদের সামনে পড়ছে বাংলাদেশ। 

এদিকে চার ম্যাচের তিনটিতেই হেরে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়ল চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে পরের পাঁচ ম্যাচের সবগুলো কিংবা ন্যূনতম চারটি জিততে হবে তাদের। 

তিন হারের পর অবশেষে জয় পেল শ্রীলংকা:

চলতি বিশ্বকাপে টানা তিন হারের পর অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল শ্রীলংকা। গতকাল লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 

২৬৩ রানের টার্গেটে খেলতে নেমে ৫২ রানের মধ্যে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসকে হারিয়ে বিপর্যয়ে পড়ে সিংহলিজরা। দল একশ রান পেরোনোর পরপর পাথুম নিশাঙ্কাও (৫৪) সাজঘরের পথ ধরেন। প্রোটিয়াদের হারানো ডাচরা টানা দ্বিতীয় অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। যদিও তা হতে দিলেন না সাদিরা সামারাবিক্রমা। চারিথ আসালঙ্কা (৪৪) ও ধনাঞ্জয়া ডি সিলভাকে (৩০) নিয়ে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাদিরা ১০৭ বলে ৭ বাউন্ডারিতে ৯১ রান করে অপরাজিত থাকেন। 

এর আগে পেসম্যান কাসুন রাজিথা আর দিলশান মাদুশঙ্কার গতিঝড়ে শুরুতেই এলোমেলো নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ। দলটি ৯১ রানে হারায় ৬ উইকেট। কিন্তু লড়াকু ডাচরা দমে যায়নি। সেখান থেকে শুরু হয় লোয়ার মিডল ও টেল-এন্ডের লড়াই। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভাবে ২৬২ রান তুলে অলআউট হয় নেদারল্যান্ডস। 

৩৫ বছর বয়সী সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ৩৩ বছর বয়সী লোগান ফন বিকের অবিশ্বাস্য লড়াই দেখেছে লক্ষ্ণৌর দর্শক। দুজনের ১৪৩ বলে ১৩০ রানের জুটিতে ডাচদের সংগ্রহ দুশ ছাড়িয়ে যায়। ৮২ বলে ৭০ রান করে মাদুশঙ্কার শিকার হন এঙ্গেলব্রেখট (২২১/৭)। এরপর আরো ৪১ রান যোগ করে অলআউট হয় নেদারল্যান্ডস। মাদুশঙ্কা ৪৯ রানে ও রাজিথা ৫০ রানে সমান চারটি করে উইকেট নেন। স্পিনার মহিশ থিকসানা নেন একটি উইকেট। 

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলংকা। আর ডাচরা বুধবার দিল্লিতে লড়বে বিশ্বকাপ জায়ান্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস-শ্রীলংকা

নেদারল্যান্ডস: ৪৯.৪ ওভারে ২৬২ (এঙ্গেলব্রেখট ৭০, ফন বিক ৫৯; মাদুশঙ্কা ৪/৪৯, রাজিথা ৪/৫০)। শ্রীলংকা: ৪৮.২ ওভারে ২৬৩/৫ (সামারাবিক্রমা ৯১*, পাথুম ৫৪; আরিয়ান দত্ত ৩/৪৪)। ফল: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাদিরা সামারাবিক্রমা (শ্রীলংকা)। 

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৯৯/৭ (ক্লাসেন ১০৯, হেনড্রিকস ৮৫, ইয়ানসেন ৭৫*, ডুসেন ৬০; টপলি ৩/৮৮)। ইংল্যান্ড: ২২ ওভারে ১৭০ (উড ৪৩*, অ্যাটকিনসন ৩৫; কোয়েৎসি ৩/৩৫, এনগিডি ২/২৬, ইয়ানসেন ২/৩৫)। ফল: দক্ষিণ আফ্রিকা ২২৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হাইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)।