ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেক যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে বাস চালকের সহযোগী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৫ জন।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের সামনের অংশ ও হানিফ পরিবহনের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ইমাদ পরিবহনের চালকের সহযোগী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরো অন্তত ৫ জন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। নিহত বাস চালকের সহযোগী শরিয়াতুল্লা (২০) পিরোজপুর জেলার হরিনা গাজীপুর এলাকার জামাল মিয়ার ছেলে বলে জানান তিনি।










