বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত দুই চিকিৎসকসহ মোট তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

স্থানীয়রা জানান, কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিষ্ফোরণে হাতিটি আহত হয়। এটিকে চিকিৎসা দিতে গিয়ে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকালে হাতিটির আক্রমণে তিনজন গুরুতরভাবে আহত হন। আহতরা হলেন ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য নেচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।