রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’
একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার রাইখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিতে নিহত অংথোয়াই সিং মারমা (৫০) রাইখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গবাছড়া এলাকার মৃত মংসাখই মারমার ছেলে। তবে তিনি কোন আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্য তা জানা যায়নি। এ বিষয়ে মুখ খোলেননি স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী তিনছড়ি নোয়াপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক দলগুলোর দুটি সশস্ত্র গ্রুপের মধ্যকার ‘বন্দুকযুদ্ধের’
ঘটনা ঘটে। বিকালে ‘বন্দুকযুদ্ধে’
গুলি বিনিময়ের ঘটনার পর নিকটবর্তী সেনাবাহিনীর পানছড়ি জোন থেকে একটি টহল দল ঘটনাস্থলের দিকে রওনা দিলে সশস্ত্র গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে সেনাসদস্যরা তিনছড়ি সেতু এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনে। এদিকে গতকাল সকালে গুলিতে নিহত অংথোয়াই সিং মারমার স্ত্রী ম্রানাই সিং মারমা তার স্বামীর মরদেহ শনাক্ত করেন এবং নিজে বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা করেন।










