গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। একই সময়ে দেশে ৮৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭৩ হাজার ৭৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৩৪৮ জন। এর মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ নারী।