পেঁয়াজের আমদানি শুল্ক বাড়িয়ে পাঁচ ভাগ থেকে ১০ ভাগ করেছে সরকার। আজ শনিবার থেকেই এ শুল্ক কার্যকর হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তারা।

হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট মাহবুব আলম ও হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খানের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ ভাগ শুল্ক আগেই আরোপিত ছিল। কিন্তু গত অক্টোবর মাসে একটি এসআরও’র মাধ্যমে আমদানি শুল্ক ১০ ভাগ থেকে কমিয়ে পাঁচ ভাগ করা হয়। যার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

তারা আরো জানান, ইতোমধ্যেই এসআরও’র মেয়াদ শেষ। ফলে আগের মতো পেঁয়াজের উপর ১০ ভাগ শুল্ক কার্যকর হয়ে যায়।  

নুরুল আলম খান বলেন, পেঁয়াজের উপর নতুন করে কোনো শুল্ক আরোপ হয়নি। যে শুল্ক কমানো হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের শুল্ক কার্যকর হয়েছে।

পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধের পরেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।