বগুড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে রাজাবাজার ও ফতেহ আলী বাজারের খুচরা ও কাঁচাবাজারের দোকানগুলো স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার থেকে বাজারের পরিবর্তে দোকান বসেছে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে। 

জেলা প্রশাসনের কর্মকর্তারা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বাজার পরিদর্শন করেন ও ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। শনিবারের পর আজ রবিবারও সেই মাঠে বসা বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মাছ থেকে থেকে শুরু করে সকল কাঁচা সবজি ও মাংস বিক্রি হচ্ছে। 

বগুড়া জেলার মধ্যে সদর উপজেলায় করোনায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। শহরে সংক্রমণ বিস্তার রোধে প্রধান কাঁচাবাজার সহ খুচরা বাজার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানান্তর হয়। শহরে ফতেহ আলী কাঁচাবাজার, রেললাইন বাজার সহ খুচরা বিক্রেতাদের জন্য এখানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসন। করোনা প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত এখানে বাজার থাকবে। 

এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল বগুড়া শহরে করোনার প্রকোপ ঠেকাতে ১ম বারের মত রাজাবাজার ও ফতেহ আলী বাজারের খুচরা ও কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছিল আলতাফুন্নেছা খেলার মাঠে।

রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, জেলা প্রশাসনের সিদ্বান্তের সাথে এমকত হয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে ইতিমধ্যেই খুচরা বিক্রেতারা এসেছে। স্বাস্থ্যবিধি মেনে সব দোকানগুলো বসবে। এখানে সন্ধ্যার পর আলোর ব্যবস্থাসহ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।