আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে এ সংক্রান্ত একটি অফিস আদেশ সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয় যে, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে বা 'না' এর পক্ষে ভোট দেয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না।
আরো বলা হয়, এ ধরণের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও এতে উল্লেখ করা হয়েছে।














