পূর্বঘোষিত চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে সিলেটের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির ডাক দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার ইউনিয়নের এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা হয়।

জানা গেছে, চার দফা দাবিতে বেশকিছু দিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। এর অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি এসব দাবি নিয়ে কদমতলী টার্মিনাল এলাকায় মানববন্ধন করেন তারা। এ ছাড়া গত ৫ মার্চ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে চার দফা দাবির স্মারক লিপি জমা দেন তারা। এতে আজকের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামীকাল রোববার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন ইউনিয়ন নেতৃবৃন্দ। সর্বশেষ গতকাল শনিবার রাতে নগরীর দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ কার্যালয়ে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং- বি ১৪১৮) সভায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল, নতুন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান, পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করা ও সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান এবং রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধসহ চার দফা দাবি করেছিলেন তারা। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আকবর বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাতে ইউনিয়নের এক জরুরি সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম জানান, কর্তৃপক্ষ আজ  অবদি তাদের একটি দাবিও পূরণ করেনি। তাই পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে সিলেট জেলায় আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। এদিন থেকে সিলেটে কোনো পরিবহন শ্রমিক কাজে যোগ দেবেন না, গাড়ি চালাবেন না। দাবি মানা না হলে পরবর্তীতে সিলেট বিভাগের সকল পরিবহন শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিভাগব্যাপী আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।