সনদ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার কেএন রায় নিয়তি বণিক বার্তাকে বলেন, ‘‌শেহেলা পারভীনকে সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।’

তদন্তসংশ্লিষ্টরা জানান, কারিগরি বোর্ডের সনদ-বাণিজ্য মামলার প্রধান আসামি এটিএম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সানজিদা আক্তার ওরফে কলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতে শেহেলা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। পরে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিকভাবে শেহেলার বিরুদ্ধে শামসুজ্জামানের সঙ্গে টাকাপয়সা লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।