বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলারের সাক্ষাতে এ আলোচনা হয়।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আইএলও কনভেনশন বাস্তবায়ন ও পাচারকৃত অর্থ ফেরত আনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের প্রতি বাংলাদেশ সম্পূর্ণ শ্রদ্ধাশীল। এ কনভেনশন বাস্তবায়নের জন্য দেশের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে।
বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং দেশের তরুণ জনগোষ্ঠী বিশাল একটি শক্তি। এ তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে।
তিনি আরো জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন সচল রাখতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। এছাড়াও শুল্ক কমানোর মাধ্যমে সরকার দাম কমাতে পদক্ষেপ নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের ব্যবসা-বাণিজ্যকে আরও বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি ইউরোপ থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খানও উপস্থিত ছিলেন।










