সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ । তিনি বলেন, সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। তাই আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, অর্থনীতি, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত ভিত্তি হলো খাদ্য নিরাপত্তা। মানুষ যত অর্থই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। এ কারণে খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত।
মন্ত্রী বলেন, কুমিল্লা বাংলাদেশের আধুনিক সেচব্যবস্থাভিত্তিক কৃষি উৎপাদনের সূতিকাগার। এ অঞ্চলে আখতার হামিদ খানের নেতৃত্বে সমবায়ভিত্তিক সেচ ও কৃষি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল, যা পরে সারা দেশের জন্য অনুসরণীয় মডেল হয়। কুমিল্লার সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে সামনে রেখে কৃষি ও খাদ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দেখাবেন বলে জানান।
তিনি আরো বলেন, কুমিল্লায় প্রথম রফতানিমুখী কারখানা স্থাপনের সঙ্গে তিনি নিজে যুক্ত ছিলেন। সে সময় স্থানীয়দের সহযোগিতা পেয়েছিলেন। বর্তমানে কুমিল্লায় শিল্পকারখানার সংখ্যা বেড়ে এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে। এ অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রী হিসেবে নিজের অবস্থান থেকে কুমিল্লার উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লাকে বিভাগ ঘোষণার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আমিন উর রশীদ বলেন, নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিক ও ফলপ্রসূভাবে পরিচালনার জন্য গণমাধ্যমের সহায়তা প্রয়োজন। সাংবাদিকদের সহযোগিতা পেলে তিনি আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে বিশ্বাস করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা বিএনপির মহানগর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এদিন সকালে হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে।
মন্ত্রী বলেন, সময় ও যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার ধরণ ও শিক্ষার্থীদের চাহিদাও বদলেছে। বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্কুল ব্যাগও একজন শিক্ষার্থীর জন্য বড় সহায়তা হতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
পরে পবিত্র রমজান উপলক্ষে দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। উদ্বোধনের পর তিনি বিক্রয় স্টল পরিদর্শন করেন। পণ্যের মান ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ রমজান মাসে ন্যায্যমূল্যে মানসম্মত খাদ্যসামগ্রী পেতে পারে।










