বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাট নির্ধারিত মূল্য থেকে কমিয়ে ইজারা দেয়া নিয়ে জেলা প্রশাসকের সব সভা বর্জনের ডাক দিয়েছে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভা থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সফিক জানান, নন্দীগ্রামের রণবাঘা হাটটি সরকার নির্ধারিত মূল্যের ৩২ লাখ টাকা কমে ইজারা দেয়া হয়েছে। উপজেলা পরিষদকে না জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। পরে এ বিষয়ে কথা বলতে গেলে অসৌজন্যমূলক আচরণ করেন। গতকাল বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকের সব সভা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক জিয়াউল হক জানান,  তাদের সঙ্গে সুষ্ঠুভাবে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।