বাগেরহাটের শরণখোলায় বসতঘরের মাচা থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বিকালে উপজেলার মধ্য সোনাতলা গ্রামের মৃত ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেননি বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনের ঘরের মাচা থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করা হয়েছে। বসতঘরের মাচার ওপর হরিণের চামড়া দুটি ভাঁজ করা অবস্থায় ছিল। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনো।
তিনি আরো বলেন, অভিযানের সময় সুমনকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে।










