ভারত থেকে নেগেটিভ সনদ নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন নয়ন কুমার (৩৪) নামে এক যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।
গতকাল বিকাল ৫টার দিকে নয়ন চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরেন। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চকদেউলা গ্রামের ভবানী চরণ মণ্ডলের ছেলে। তিনি কিছুদিন আগে যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, গতকাল হিলি স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দুজন পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত মেডিকেল টিম র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করলে নয়ন কুমার নামের একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে আমরা তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখেছি।










