বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত বিশু মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। তিনি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বোন জাহানারা জানান, বিশু শহরের একটি ছাত্রাবাসে থাকতেন। রোববার বাড়ি থেকে বগুড়ায় ফিরে ছাত্রাবাসে যাওয়ার কথা ছিল তার।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে ছুরিকাঘাতে বিশু নিহত হন। নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।










