দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী হলো এক নজিরবিহীন ঘটনার। ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে গতকাল বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলংকার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ। সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাবেক অধিনায়ক ম্যাথুজ। যদিও কোনো বল না খেলেই ‘টাইমড আউট’-এর শিকার হয়ে ফিরে যান সাজঘরে। যেকোনো ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ঘটল এমন ঘটনা। ম্যাথুজের বিপক্ষে টাইমড আউটের আবেদন করে তুমুল সমালোচিত হচ্ছেন বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান।   

শ্রীলংকার ইনিংসের ২৫তম ওভারে ঘটে মহানাটকীয়তা, যার মূল চরিত্র অলরাউন্ডার ম্যাথুজ, যিনি অন্য খেলোয়াড় চোটে পড়ায় একটু দেরিতে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হন। সাকিবের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সামারাবিক্রমা। শ্রীলংকার রান তখন ৪ উইকেটে ১৩৫। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এলেন ৩৬ বছর বয়সী ম্যাথুজ। উইকেটে গিয়ে দেখলেন, তার হেলমেটের স্ট্র্যাপে সমস্যা, আটকাতে পারছিলেন না। তখন তিনি সাজঘরের দিকে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। কিন্তু অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে খানিকটা বিলম্ব হয়ে গেল। এ সময় ম্যাথুজের বিপক্ষে ‘টাইমড আউট’-এর আবেদন করেন সাকিব।

তখন মাঠের দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওর্থ আলোচনা করে ম্যাথুজকে ‘টাইমড আউট’ দেন। এ সময় ম্যাথুজ কথা বলেন আম্পায়ারদের সঙ্গে, আবার সাকিবের সঙ্গেও। যদিও সিদ্ধান্ত বদলাননি আম্পায়ার, সাকিবও আবেদন তুলে নেননি। ফলে বিধ্বস্ত, বিমর্ষ ম্যাথুজকে বাধ্য হয়েই ফিরতে হয় সাজঘরে। মনের আগুন তার থামছিল না। মাঠ পার হওয়ার পর হেলমেটটি ছুড়ে মারেন, আর টানেল দিয়ে সাজঘরে যাওয়ার সময়ও উত্তেজিত দেখা যায় তাকে। 

আগের ব্যাটার আউট হন ৩টা ৪৯ মিনিটে। ম্যাথুজকে আম্পায়ার আউট দেন ৩টা ৫৪ মিনিটে। আম্পায়ার তাকে প্রায় ২ মিনিট ‘গ্রেস‘ টাইম দেন। তাই বলা যায়, আম্পায়াররা তাকে আইন মেনেই আউট দিয়েছেন। তবু এ ঘটনা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা। কেউ কেউ এ আউটকে সমর্থন করলেও সিংহভাগই বলছে, এটা ক্রিকেটের চেতনাবিরোধী। 

ক্রিকেটের আইনেই বা কী বলা আছে? ক্রিকেটে আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়েবসাইটে ‘টাইমড আউট’ নিয়ে বলা হয়েছে, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এ শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন।’

আইসিসি বিশ্বকাপ-২০২৩-এর প্লেয়িং কন্ডিশনেও প্রায় একই কথা বলা আছে। সেখানে বলা হয়েছে, ৩ মিনিট নয়, ব্যাটসম্যানকে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে ২ মিনিটের মধ্যে। কিন্তু গতকাল দিল্লিতে হেলমেট বদলাতে গিয়ে ম্যাথুজ ২ মিনিটের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে পারেননি। ফলে বাংলাদেশের আপিল ও ক্রিকেটের আইন মেনে তাকে ‘টাইমড আউট’ দেন আম্পায়াররা।

ম্যাচের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক এ আউট নিয়ে বলেন, ‘এমসিসির ক্রিকেট আইনটাই বিশ্বকাপে স্থানান্তর করা হয়েছে। আমাদের কিছু প্রটোকল আছে, আর টিভি আম্পায়ারও ২ মিনিটের বিষয়টি মনিটর করেন। এরপর তারা বিষয়টি মাঠের আম্পায়ারকে জানান। আজ বিকালে ২ মিনিটের মধ্যে ব্যাটার বল মোকাবেলা করতে প্রস্তুত ছিলেন না। এমনকি স্ট্র্যাপজনিত যে সমস্যার কথা বলা হচ্ছে, তার আগেও তিনি সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি।’

হ্যাঁ, ঠিক। আইন মেনেই ম্যাথুজকে আউট দেন আম্পায়াররা। এর পরও সমালোচিত হচ্ছেন সাকিব। বলা হচ্ছে, এখানে ক্রিকেটের চেতনা প্রতিফলত হয়নি, যা কিনা যুগে যুগে দেখিয়েছেন ক্রিকেটাররা। লংকান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড বলেন, ‘এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলাম আমি।’

ক্রিকেটের চেতনা না মেনে কেন বাংলাদেশের অধিনায়ক টাইমড আউটের আবেদন করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন আরো অনেকে।  

ধারাভাষ্য কক্ষে থাকা পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস এ ঘটনা নিয়ে বলেছেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’ দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের পোস্টে লিখেছেন, ‘এটা ভালো কিছু হলো না।’

সাকিবের কঠোর সমালোচনা করে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার মার্ক ওয়াহ বলেছেন, ‘ক্রিকেটের আইন ও চেতনা ভুলে যান। একজন ন্যায্য মনের ক্রিকেটার কীভাবে এই আউটের জন্য আপিল করার কথা ভাবতে পারেন, আউটটি তো পরের ব্যাপার।’ 

এছাড়া খোদ বাংলাদেশেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বেশির ভাগ মানুষ সাকিব যে আউটের আবেদন করেছেন, তা মানতে পারছে না। 

ইএসপিএনক্রিকইনফোতে ‘ম্যাথুজকে টাইমড আউট দেয়া উচিত হয়েছে কিনা’ শীর্ষক এক অনলাইন জরিপে গতকাল রাত ৯টা পর্যন্ত দেখা যায়, ৭১ শতাংশ মানুষই আউটের বিপক্ষে মত দিয়েছে, আর পক্ষে ভোট পড়ে ২৯ শতাংশ। 

বল হাতে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক সাকিব। তবু ‘টাইমড আউট’কাণ্ডে কলঙ্কিত হলো তার উজ্জ্বলতম একদিন। ভাগ্যের কী নির্মম পরিহাস। সেই ম্যাথুজের বলেই কাল আউট হয়েছেন সাকিব। চারিথ আসালঙ্কাকে মিড-অফে ক্যাচ দিয়ে সাকিব যখন ফিরছিলেন সাজঘরে, তখন ম্যাথুজ ঘড়ি দেখিয়ে হয়তো বলছিলেন, সাকিব, তুমি ‘টাইমড আউট’। 

গতকাল ম্যাচ শেষে সাকিব এ ঘটনা নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমাদের কোনো এক ফিল্ডার এসে আমাকে জানাল, যদি আপিল করি তবে সে (ম্যাথুজ) আউট হবে। আপিল করলে আম্পায়ার আমাকে বলল, তুমি সিরিয়াস কিনা। আমি জানি না এটা সঠিক নাকি ভুল; তবে আইনে আছে। আমার তো অনুভূতি ছিল এরকম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাকে যা করতে হতো, আমি তা-ই করেছি। বিতর্ক থাকবেই। আমি অস্বীকার করব না, আজ (গতকাল) টাইমড আউট আমাদের সাহায্য করেছে।’