বুদ্ধিবিকাশজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসা সেবা এখন চীনের বিভিন্ন হাসপাতালে পাওয়া যাচ্ছে। দেশটির ইউনান প্রদেশের শীর্ষস্থানীয় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুনমিং তংরেন হাসপাতাল এরইমধ্যে বিপুল সংখ্যক এমন রোগীর সফল চিকিৎসা করেছে।

কুনমিং তংরেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট শেন লিং জানান, সম্প্রতি একটি বাংলাদেশী পরিবার তাদের কিশোর ছেলের চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন। তিনি কুনমিং সফররত ২৩ সদস্যের বাংলাদেশী সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় ওই রোগীর পরিবারের পাঠানো একটি ভিডিও বার্তা শেয়ার করেন।

ভিডিও বার্তায় রোগীর বাবা জানান, ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি এবং কিছু দেশে চিকিৎসা খরচ ছিল অত্যন্ত বেশি। তিনি আরো জানান, পরে তিনি চীন সফরে গিয়ে এই চিকিৎসা সাশ্রয়ী মূল্যে পেয়েছেন।

রোগীর বাবা বলেন, চিকিৎসা শুরু হওয়ার আগে হাসপাতালের বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে পুরো চিকিৎসা প্রক্রিয়া বুঝিয়ে দেন এবং প্রক্রিয়াটি বুঝে নেয়ার পর পরিবার চিকিৎসা করাতে সম্মত হয়।

শেন লিং জোর দিয়ে বলেন, কুনমিং তংরেন হাসপাতালে বুদ্ধিবিকাশজনিত শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। তিনি আরো জানান, ভাষাগত বাধা দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষ অনুবাদক সেবাও প্রদান করে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদের নেতৃত্বে ২৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল ৬ থেকে ৯ আগস্ট কুনমিং সফর করে ইউনান প্রদেশের রাজধানীতে থাকা স্বাস্থ্যসেবা সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন।

দলটি শনিবার দেশে ফিরে এসেছে।