বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকরা এভিয়েশন নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন। পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা, তদারকি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন দিক এতে গুরুত্ব পায়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন। এ সময় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট, ব্রিটিশ হাইকমিশন এবং বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমডোর মো. আসিফ ইকবাল দক্ষতা বৃদ্ধির এ প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্রিটিশ হাইকমিশন ও ডিএফটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘পরিবর্তনশীল নিরাপত্তা হুমকি মোকাবেলায় এভিয়েশন নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতি নিয়মিতভাবে উন্নত করা জরুরি।’
বিমান নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রী চলাচল আরো সহজ ও নির্বিঘ্ন করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে রায়ান ডানকানসন এভিয়েশন নিরাপত্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।










