বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া-পাকিস্তান উত্তাপ। পাকিস্তান টানা দুই জয়ের পর হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া টানা দুই হারের পর ফিরেছে জয়ে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তান জিততে মরিয়া, অজিরাও থাকতে চায় জয়ের ধারায়। এ সমীকরণ সামনে রেখে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লড়বে র্যাংকিংয়ের দুই ও চার নম্বর দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
সর্বশেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর পরও তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে যাওয়ায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ছয় ম্যাচের মধ্যে দুটির বেশি হারা চলবে না অজিদের। একটি হারলে নিরাপদ থাকবে। আজ পাকিস্তানের কাছে হারলে সেমির স্বপ্ন বড়সড় ধাক্কাই খাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে, আগেই দুটি জয় পাওয়া পাকিস্তান আজ জিতলে সেমির পথে অনেক দূর এগিয়ে যাবে।
পাকিস্তান ও অস্ট্রেলিয়া দুই দলেরই চিন্তার কারণ টপ অর্ডার ব্যাটিং। উভয় দলের টপ অর্ডারই অধারাবাহিক। বিশ্বের এক নম্বর র্যাংকধারী ব্যাটার পাকিস্তান দলনায়ক বাবর আজম ছন্দ হারিয়েছেন। ভারত ম্যাচে ফিফটি পেলেও আগের দুই ম্যাচে তিনি ফ্লপ। শেষ চারে যেতে হলে ব্যাটিংয়ে বাবরের বড় ইনিংসের বড় প্রয়োজন পড়বে পাকিস্তানের। তবে আশার কথা, ক্যারিয়ারে ১৯টি সেঞ্চুরি আর ৫৭.০২ গড়ে রান তোলা বাবরের জন্য ঘুরে দাঁড়ানো স্রেফ সময়ের ব্যাপার।
বিশ্বকাপে দশবারের দেখায় অস্ট্রেলিয়া ৬-৪-এ এগিয়ে রয়েছে। দুই দলের ১০টি লড়াইয়ের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ১৯৯৯ সালের ফাইনাল। সেবার লর্ডসে শেন ওয়ার্নের (৪/৩৩) ঘূর্ণি ম্যাজিক ছাড়াও গ্লেন ম্যাকগ্রার (২/১৩) গতিঝড়ের কবলে পড়ে ১৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ো ব্যাটিংয়ে (৩৬ বলে ৫৪) ভর করে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অজিরা।
সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে অজিরাই কর্তৃত্ব করে এসেছে। ১০৭ বারের মোকাবেলায় তাদের ৬৯ জয়ের বিপরীতে পাকিস্তান জয় পায় ৩৪ ম্যাচে।










